শেরপুর শহরের ৯টি ওয়ার্ডের মধ্যে ইতোমধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৪টি ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি রবিবার শহরের জি কে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে আবুল কালাম আজাদ দ্বিতীয় দফায় সভাপতি ও শ্রমিক নেতা আব্দুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। সম্মেলনের উদ্বোধন করেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ বারেক তোতা ও হুইপ কন্যা বিএমএ নেতা ডা. শারমিন রহমান অমি বিশেষ অতিথি এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তারা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে একইভাবে শহরের ওয়ার্ড পর্যায়ের সম্মেলনে প্রথমে অনুষ্ঠিত ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টানা তৃতীয় দফায় এসএম মুসা সভাপতি ও তাপস দে ডালিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ৫নং ওয়ার্ডে দ্বিতীয় দফায় আব্দুল আজিজ আজি সভাপতি ও লিয়াকত হোসেন লিটন সাধারণ সম্পাদক এবং ৭নং ওয়ার্ডে তৃতীয় দফায় আমজাদ হোসেন সভাপতি ও দ্বিতীয় দফায় আল-আমিন বাদশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ৩১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, দলের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে উপজেলা/থানার সমমর্যাদার প্রথম শ্রেণির এ পৌর শহরের ৯টি ওয়ার্ডের মধ্যে এখন পর্যন্ত ৪টি ওয়ার্ডে সফলভাবে সম্মেলন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৫টি ওয়ার্ডে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে সম্মেলন শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।




