আরও একটি সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক ক্যারিয়ারের ১২৭তম ওয়ানডেতে তুলে নিয়েছেন ১৭তম সেঞ্চুরি। ২৩ জানুয়ারি রবিবার নিউল্যান্ডসের কেপটাউনে ভারতকে হোয়াইটওয়াশ করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার ডি কক। এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে কিংবদন্তি জ্যাক ক্যালিসকে স্পর্শ করেন ডি কক। ৩২৩টি ওয়ানডেতে অংশ নিয়ে ১৭টি সেঞ্চুরি করে অবসরে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জ্যাক ক্যালিস।

ওয়ানডেতে সেঞ্চুরি হিসেবে প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে ডি ককের ওপরে আছেন হার্সেল গিবস (২১), এবি ডি ভিলিয়ার্স (২৫) ও হাশিম আমলা (২৭)।
ইনিংস ওপেন করতে নেমে ৩৫.৪ ওভারে দলীয় ২১৪ রানে ২৩০ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১২৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ডি কক।

৮ রানে ফেরেন জানেমান মালান। দলীয় ৩৪ রানে ফেরেন অধিনায়ক টিম্বা বাভুমা। ডি ককের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে দলীয় ৭০ রানে ফেরেন এইডেন মার্কওরাম। ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে শুরু থেকেই উইকেটের এক পাশ আগলে রাখেন ডি কক। দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া এই তারকা ব্যাটসম্যান ১০৮ বলে ৯টি চার ও দুই ছক্কায় শত রানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।




