শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হচ্ছেন শহরের গৌরীপুর মহল্লার মো. সেলিম মিয়ার ছেলে মো. নীরব হোসেন বাবু (২৭) ও একই মহল্লার ইসরাফিল মিয়ার ছেলে মো. রাকিবুল হাসান রাজু (২৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে জেলা প্রশাসনের এনডিসি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে শেরপুর শহরের খোয়ারপাড় মোড় সংলগ্ন স্বপন মিয়ার মোটর সাইকেলের গ্যারেজের সামনের সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ওইসময় মাদক ব্যবসায়ী মো. নীরব হোসেন বাবু ও মো. রাকিবুল হাসান রাজুকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




