খুব আশা ছিল ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি নিয়ে। কিন্তু সে আশায় জল ঢেলে দিয়েছে চোরেরা। ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে এ ছবিটি। স্বভাবতই এ নিয়ে বেশ হতাশ ছবির অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে টিকিটের মাধ্যমে অনলাইন প্রদর্শন হয়েছে এ ছবির। আর সেখান থেকেই ছবিটি পাইরেট হয়ে যায়। ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

অনলাইনে বাংলাদেশি দর্শক মুক্তির আগেই অবৈধভাবে দেখে ফেলেন এটি। তাই হতাশার চিত্র ফুটে উঠেছে বাঁধনের চোখে-মুখে। তিনি বলেছেন, ‘১৪ আগস্টের পর থেকেই ছবিটি নিয়ে মানুষজন আমাকে বেশ প্রশংসা করছেন। আমি ভেবেছি উৎসবে অনলাইন থেকে টিকিট কেটে তারা দেখেছেন। কিন্তু যখনই পাইরেটেড লিংক আমার কাছে আসে, তখনই খুব কষ্ট পাই। অনেক স্বপ্ন এবং আশা নিয়ে পথ চলছি এ ছবির সঙ্গে।
এভাবে স্বপ্নটা ভেঙে দেবেন চোরেরা সেটা কল্পনাও করতে পারিনি।’ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদও একই কারণে বেশ হতাশ বলে জানা গেছে। প্রসঙ্গত, ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে এ ছবির মাধ্যমে প্রথমবার অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের কোনো ছবি স্থান পেয়েছিল। তাই ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে উচ্ছ্বাসের পারদটা একটু বেশিই ছিল সংশ্লিষ্টদের। একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এ ছবির গল্প তৈরি হয়েছে।






