শ্যামলবাংলা ডেস্ক : মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ছেলে মারা গেছেন। কর্তৃপক্ষ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪ বছর বয়সী আব্দুল্লাহ মুরসির মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর ৩ মাস পর তার মৃত্যু হলো। ৫ সেপ্টেম্বর বুধবার কায়রোতে গাড়ি চালানোর সময় আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। এরপরে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। খবর ডেইলি মেইলের।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাগারে বন্দি ছিলেন মুরসি। গত ১৭ জুন শুনানির জন্য আনার পর আদালত কক্ষেই তার মৃত্যু হয়।
মোহাম্মদ মুরসি আদালতে বিচারকের কাছে কথা বলার অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয়। প্রায় ২০ মিনিট বক্তব্য রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ওইসময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ মুরসি তার বিরুদ্ধে আনা এক গুপ্তচরবৃত্তির মামলায় হাজিরা দিচ্ছিলেন। ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর সঙ্গে সন্দেহজনক যোগাযোগ রাখার অভিযোগ এনে ওই মামলা করা হয়েছিল।
মুরসি মিসরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। ২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। এরপর ২০১৩ সালে এক বিক্ষোভের জের ধরে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি।








