ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণই বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে : তথ্যমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৬, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজনীতির নামে জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ আর দিনের পর দিন জনগণকে অবরুদ্ধ করে রাখার কারণে জনগণ ইতোমধ্যেই বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আর লাল কার্ড পেয়ে তাদের অবস্থান এখন মাঠের বাইরে!’
সম্প্রতি বিএনপি নেতা নজরুল ইসলাম খানের ‘প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেখানো হবে’ এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি আরো বলেন, ‘নজরুল ইসলাম খানসহ বিএনপি নেতারা এ ধরনের মন্তব্য দীর্ঘদিন ধরে করে আসছেন কিন্তু যারা লাল কার্ড পেয়ে ইতোমধ্যেই রাজনীতির মাঠের বাইরে, তারা আবার কাকে লাল কার্ড দেখাবেন !’
সোমবার বিকেলে ঢাকায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক এসময় উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ’ এর জবাবে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয়দানে বাংলাদেশের মানবিক ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত। স্থানীয় জনগণও মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল। কিন্তু ক্রমে স্থানীয় জনগণই সেখানে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। মনে রাখতে হবে, মানবিক কারণে যাদের আশ্রয় দেয়া হয়েছে, তাদের জোর করে সরিয়ে দেয়া যায়না।’
‘রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের ফেলে আসা বাসভূমের ওপর যে আস্থা ফেরানো প্রয়োজন, সেজন্য মিয়ানমারকেই কাজ করতে হবে’ উলে­খ করে মন্ত্রী বলেন, ‘তবে কিছু এনজিও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে কাজ করছে কারণ, রোহিঙ্গারা এদেশে থাকলে তাদের ‘ফান্ড’ পেতে সুবিধা হয়, যাতে তারা নিজেরাও হৃষ্টপুষ্ট হতে পারে। সবকিছুর ওপরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও বিদেশি চাপ অব্যাহত রয়েছে। মির্জা ফখরুল এ বিষয়গুলো বুঝতে পারেননি।’
বাচসাসের প্রথম নারী সভাপতি নির্বাচিত হওয়ায় ফালগুনী হামিদকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে একান্ন বছরে পা রাখা বাচসাস সবচেয়ে পুরনোদের অন্যতম। চলচ্চিত্রের বিভিন্ন শাখায় বাচসাস পুরস্কার অত্যন্ত জনপ্রিয়। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উৎকর্ষ সাধনে এ সংগঠন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।’
‘১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে এফডিসি’র গোড়াপত্তনে এদেশের চলচ্চিত্র শিল্প যাত্রা শুরু করে এবং ১৯৫৯ সালে প্রথম চলচ্চিত্র নির্মিত হয়’ উলে­খ করে ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলচ্চিত্র শিল্পকে নতুন জীবনদানে গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ, এফডিসিতে নতুন বহুতল ভবন নির্মাণ, জেলা তথ্য কমপ্লেক্সগুলোতে একশ’ আসনের পরিবর্তে তিনশ’ আসনের হল নির্মাণ, প্রেক্ষাগৃহ সংস্কার ও পুণরায় চালু করতে সহজ শর্তে ঋণদানসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমাজের বিত্তবানদেরও উচিত এখাতে বিনিয়োগ করা ।’
বাচসাস সভাপতি ফালগুনী হামিদ এসময় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে বাঁচাতে বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার ও অনুমতিহীন ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বন্ধ এবং ক্যাবল লাইনে দেশের টিভি চ্যানেলগুলোকে প্রথমে স্থান দেয়ার জন্য তথ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। বাচসাসের পক্ষে বিভিন্ন প্রস্তাবনা সংবলিত একটি পত্রও মন্ত্রীকে হস্তান্তর করেন তিনি।
বাচসাস কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বাদল আহমেদ, সৈকত সালাউদ্দিন, কামরুজ্জামান বাবু, রিমন মাহফুজ, মঈন আবদুল্লাহ, রাহাদ সাইফুল, শফিকুল আলম মিলন, মুজাহিদ সামিউল্লাহ, শ্রাবণী হালদার, আবু সুফিয়ান রতন, লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, লিটন রহমান, মাহমুদ মানজুর প্রমুখ সভায় অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!