স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিদায়ী পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম বলেছেন, সততা ও নিষ্ঠা আমাদের উপর অর্পিত দায়িত্বেরই অংশ। সকলের সহযোগিতামূলক মনোভাব ও সুন্দর পরিবেশের কারণেই দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়তো সেই সততার বহিঃপ্রকাশ ঘটেছে। অবশ্য নিজের সদিচ্ছা থাকতে হয়েছে বা তা নিজের ভেতর পালন করতে হয়েছে। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেরপুরে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও নিষ্ঠার নজির যদি সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত হয়ে থাকে, তবে তা দায়িত্বশীল কর্ণধারসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলের সাহায্য-সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। তিনি ১৩ নভেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তার সম্পর্কে বিভিন্ন বক্তার প্রশংসনীয় বক্তব্যের জবাবে ওই কথা বলেন।
বিদায়ী পুলিশ সুপারের ওই বক্তব্যের জবাবে কমিটির উপদেষ্টা শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেন, পুলিশ সুপার হিসেবে মেহেদুল করিম সাহেব যোগদানের পর থেকে শেরপুরে কঠিন এক অবস্থা আর সময়ের অবসান হয়েছিল। পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক মনোভাবের পরিবর্তে তাদের মাঝে ফিরে এসেছিল বিরাট আস্থা। তিনি তার সততা ও নিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছেন ‘পুলিশ জনগণের বন্ধু’। কাজেই পুলিশ বিভাগে তার মতো লোকের বড় প্রয়োজন। তার আদর্শ অনুসরণ করে পুলিশ ও প্রশাসনসহ যেখানেই সততা ও নিষ্ঠার চর্চা হবে, সেখানেই বা সেই প্রতিষ্ঠানেরই মঙ্গল হবে।
সমাপনী বক্তব্যে কমিটির সভাপতি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম বলেন, বিদায়ী পুলিশ সুপার মেহেদুল করিমের সদিচ্ছা, সততা ও নিষ্ঠার কারণেই প্রশাসনের পক্ষে পুলিশের সাথে সমন্বয় সাধন করে অনেক ঝুঁকিপূর্ণ কাজও করা সম্ভব হয়েছে। উভয় বিভাগের মধ্যে এমনতর মধুর সম্পর্ক যেখানেই থাকবে, সেখানেই আইন-শৃঙ্খলাসহ সার্বিক অবস্থা ভাল হতেই হবে।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামছুন্নাহার কামাল প্রমুখ।
সভায় শেরপুরে ১০-১২ নভেম্বর ৩ দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা সকলের সহযোগিতা ও আন্তরিকতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় শুকরিয়া প্রকাশ এবং বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টূর্ণামেন্টে ময়মনসিংহ অঞ্চলে শেরপুরের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানানোসহ জেলায় সার্বিক আইন-শ্ঙ্খৃলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়।








