স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের উদীয়মান সঙ্গীতশিল্পী লালনকন্যা জেসমিনের নতুন গান ‘গান ঘুম ঘুম দুটি চোখ’ প্রকাশ হয়েছে ইউটিউবে। ২৪ আগস্ট শনিবার রাতে ‘এলএম মিউজিক’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওই গানটি প্রকাশিত হয়। ওই গানটি লিখেছেন ও সুর করেছেন আফজাল শরিফ। কম্পোজ করেছেন এইচআর লিটন। গানের ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন জেসমিন নিজেই।
এ বিষয়ে জেসমিন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ইউটিউবে এটি আমার প্রথম মৌলিক গান। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
উল্লেখ্য, শেরপুর শহরের বারাকপাড়া মহল্লার মেয়ে জেসমিন রূপান্তর শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকনের হাত ধরে সঙ্গীতচর্চা শুরু করে। এরপর শিল্পকলা একাডেমীতে সঙ্গীতচর্চায় সহযোগিতার হাত বাড়ান প্রশিক্ষক আলিমুল ইসলাম। এরপর থেকেই ধাপে ধাপে বেড়ে উঠায় সাংস্কৃতিক অঙ্গনে তার পরিচিতি ঘটে। সেই থেকে জেলা সদরসহ প্রত্যন্ত বিভিন্ন এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীতপিপাসু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সে।







