নালিতাবাড়ী/নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘বাংলাদেশের মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদার প্রকল্প’র আওতায় শেরপুরের নালিতাবাড়ী ও নকলায় মসলা জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ শীর্ষক পৃথক দু’টি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট শনিবার সকালে নালিতাবাড়ী অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষকবান্ধব। কৃষকের সুবিধা প্রাপ্তির জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় সেজন্য চাল রপ্তানিসহ চাল আমদানীর উপর অধিকতর শুল্ক আরোপ এবং কৃষিকে যান্ত্রিকীকরণে সর্বোচ্চ ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্রকে নামমাত্র মূল্যে সরবরাহ করছে। ধান চাষের পাশাপাশি মসলা জাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে কৃষককে লাভবান হওয়ার জন্য ওই প্রশিক্ষণ কর্মশালাটি কার্ষকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে কর্মশালার উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। প্রকল্পের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক।
এছাড়া একইদিন দুপুরে নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষক প্রশিক্ষণ কর্মশালাতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। কর্মশালার উদ্বোধন করেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শস্য নিবিড়করণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আক্কাস উদ্দিন ভূইয়া।






