নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে প্রীতি নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ মে শুক্রবার সকালে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। প্রীতি স্থানীয় মুসাফির রহমানের মেয়ে।
প্রীতির বাবা মুসাফির রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে বাদাম খাওয়ার সময় একটি বাদাম প্রীতির গলায় আটকে গেলে সে কান্নাকাটি শুরু করে। ওইসময় পরিবারের সদস্যরা গলায় আটকে থাকা বাদামটি বের করার চেষ্টা করেন। কিন্তু বের করতে না পারায় দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




