অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় নেতা ও নেতৃত্ব শূন্য হয়ে পরেছে আওয়ামীলীগ। কাউন্সিলে ঘোষিত দু’টি পদে সভাপতির অকাল মৃত্যু ও সম্পাদককে বহিস্কারের পর গত তিনমাস যাবৎ দলীয় নেতার চেয়ার রয়েছে শূণ্য। জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্র নিজ উপজেলা হওয়ায় বর্তমান প্রেক্ষাপটেও নেতাকর্মীরা তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন দলের নেতা নির্বাচনের ঘোষণার প্রত্যাশায়। মুল সংগঠনে নেতৃত্ব শূণ্যতার কারণে অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যেও দেখা দিয়েছে চরম হতাশা। হতাশার কারণে মূলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমেও দেখা দিয়েছে গতিহীনতা।
নাম না প্রকাশের শর্তে দলের একাধিক নেতা জানান, ২০ দলের চলমান হরতাল, অবরোধ কর্মসূচিসহ চলমান রাজনৈতিক পেক্ষাপটে দলীয় কার্যক্রম না থাকায় অঙ্গ সংগঠনসহ সকল পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলেও দলের কান্ডারী আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র কারণে মুখ খোলার সাহস রাখছেনা তারা কেউ। বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতির নিজ উপজেলা আগৈলঝাড়ায় গত তিনমাসেও কমিটি বা নেতৃত্ব অর্পিত না হওয়ায় চরম হতাশার মধ্যে কাটাচ্ছে দলের সাধারণ নেতাকর্মীরা। নেতাকর্মীরা প্রত্যাশা করলেও গত তিনমাসেও তার কাছ থেকে আসেনি নেতৃত্বের কোন দিক-নির্দেশনা। বাধ্য হয়ে উপজেলা সদরে আসা হাতেগোনা কয়েকজন নেতাকর্মী জোড়াতালি দিয়ে চালাচ্ছে দলীয় কার্যক্রম।
দলীয় সূত্র মতে, ২০০১ সালে ইউসুফ মোল্লাকে প্রধান করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর দীর্ঘ ১৩ বছর পর ২০১৩ সালের ২৫ ডিসেম্বর বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্র উপস্থিতিতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ইউসুফ মোল্লাাকে সভাপতি ও যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। তারা দু’জনে দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। গত বছর ১৩ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউসুফ মোল্লার আকস্মিক মৃত্যু হয়। তিনি ছিলেন উপজেলা আওয়ামী লীগ কমিটির একমাত্র নেতা। এর আগে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে ২০১৪ সালের ৮ মার্চ দল থেকে বহিস্কার করা হয়। দলের সাধারণ সম্পাদক বহিস্কারের পর দলের একক নেতৃত্ব চলে যায় সভাপতি ইউসুফ মোল্লার হাতে। তিনিও দল গোছানোর জন্য কাউন্সিল করতে ব্যর্থ হন। তার মৃত্যুর পর নেতৃত্ব শূণ্যতার কারণে দলীয় কোন সিদ্ধান্ত নিতে পারছে উপজেলা সদরে অবস্থান করা দলীয় নেতারা। দলকে সুসংগঠিত করার জন্য অচিরেই ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব প্রদান অথবা কাউন্সিল বা এডহক কমিটি করার জন্য আবুল হাসানাত আবদুল্লাহ্র কাছে দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।




