রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ দীর্ঘদিন পর এবার শেরপুরের শ্রীবরদীতে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সেচ পাম্প স্থাপনে বেড়েছে ইরিবোরো চাষাবাদের জমির পরিমাণ। এতে কম খরচে সেচ সুবিধা পাওয়ায় কৃষকের মুখে দেখা যায় খুশি ঝিলিক। বৃধবার বিকালে সরেজমিন গেলে কৃষক ও উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন অফিসসহ বিভিন্ন সূত্রে কথা বলে ওঠে এমন তথ্য।
উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় ৮ বছর বন্ধ ছিল সেচ পাম্প স্থাপনের অনুমোদন। এবার নতুন করে উপজেলায় ২শ ৮০ টি সেচ পাম্প অনুমোদন দেয়া হয়েছে। ওইসব সেচ পাম্প স্থাপন করায় বেড়েছে ইরিবোরো চাষাবাদের পরিমাণ। উপজেলায় এবার প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে ইরিবোরো চাষাবাদ হয়েছে।
উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মহির উদ্দিন, খড়িয়াকাজীরচর ইউনিয়নের খড়িয়া গ্রামের রাশেদুল ইসলাম, সিংগাবরনা ইউনিয়নের সিংগাবরনা গ্রামের মোফাজ্জল হোসেনসহ অনেক সেচ পাম্প মালিকরা জানান, প্রতি বছর তাদের বেশিরভাগ জমি পরিত্যক্ত ছিল। এবার সরকার সেচ পাম্পের অনুমতি দেওয়ায় তারা অল্প খরচে বিদ্যুৎ এর মাধ্যমে সেচ পাম্প ব্যবহার করতে পারছেন। এতে সহজেই মেটাতে পারছেন ক্ষেতে পানির চাহিদা। প্রয়োজন মতো সেচ ও সার ব্যবহার করতে পেরে কৃষকদের মুখে দেখা যায় খুশির ঝিলিক।
উপজেলা বিএডিসির উপ-সহকারি প্রকৌশলী মেহেদী আল বাকী (ক্ষুদ্র সেচ) জানান, প্রতি সেচ পাম্পে ৮ থেকে ১০ হেক্টর করে ইরিবোরো চাষাবাদ হয়েছে। ওই হিসাব মতে, এবার নতুন করে ২ হাজার ২শ ৪০ হেক্টর বেশি জমিতে ইরিবোরো চাষাবাদ হয়েছে।
উপজেলা সেচ প্রকল্প কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, উপজেলায় সেচ প্রকল্পের আওতায় ২শ ৮০ টি সেচ পাম্প স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এতে অল্প খরচে কৃষকেরা ইরিবোরো চাষাবাদ করতে পারছেন। এতে উৎপাদনে ব্যয় কম হওয়ায় কৃষকরা লাভবান হবেন বেশি।






