নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ জাতীয় সংসদে ক্বওমী মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরা হাদীসকে মাস্টার্স ডিগ্রি সমমানের স্বীকৃতি দিয়ে বিল পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আনন্দ র্যালি করেছে শেরপুরের নকলা উপজেলার ক্বওমী ওলামা ঐক্য পরিষদ। ৩০ সেপ্টেম্বর রবিবার সকালে পৌর শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি আব্দুল জলিল কাসেমী, মাওলানা লুৎফর রহমান, আব্দুল জলিল, আনছার উল্লাহ, হাফেজ সায়েদুল ইসলাম, হোসাইন আহমেদ, হাফেজ আবু সালেহ, হাফেজ সিদ্দিকী আকবর, হাফেজ উসমান গণিসহ উপজেলার বিভিন্ন ক্বওমী মাদরাসার শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




