শ্যামলবাংলা ডেস্ক : স্পেনের সামনে পড়তেই রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে আর্জেন্টিনা। হোর্হে সাম্পাওলির শিষ্যরা হেরেছে ৬-১ গোলে। স্পেনের হয়ে হ্যাটট্রিক করেছেন ইস্কো।
ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে খেলতে থাকে স্পেন। কিন্তু ম্যাচের প্রথম এবং সবচেয়ে সহজটা ৮ মিনিটেই পেয়ে যায় আর্জেন্টিনা। বা পাশ থেকে মেজার ক্রসে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইন। অথচ ক্লাব লেভেলে তিনি এমন গোল হরহামেশাই করে থাকেন। এর ঠিক ৪ মিনিট পরেই গোলের খাতা খোলে স্পেন।
আসেনসিওর বুদ্ধিদীপ্ত ক্রসে গোল করে দলকে এগিয়ে দেন ডিয়েগো কস্তা। ২৭ মিনিটে আবারও স্পেনের গোল। এবার আসেনসিও গোল করান ইস্কোকে দিয়ে। ২ গোল খেয়ে যেন হুঁশ ফেরে আর্জেন্টিনার। ৩৯ মিনিটে এভার বানেগার কর্নার থেকে হেডে গোল করে এক গোল শোধ দেন আর্জেন্টিনার ডিফেন্ডার ওটামেন্ডি। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।
বিরতি থেকেও ফিরে চলে স্পেনের আধিপত্য। ৪৭ মিনিটা কস্তার বদলে ইয়াগো আসপাস মাঠে নামলে আরও ক্ষিপ্র হয়ে ওঠে স্প্যানিশরা। ৫২ মিনিটে সেই আসপাসের ক্রস থেকেই আর্জেন্টিনার হতশ্রী ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান ইস্কো। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। এই গোলের রেশ কাটতে না কাটতে আবারও গোল করে বসে স্পেন। এবার গোলের খাতায় নাম লেখান বায়ার্ন মিউনিখের তারকা থিয়াগো।
৪ গোল খেয়ে অনেকটাই ম্যাচ থেকে ছিঁটকে যায় সাম্পাওলির দল। ৬৬ মিনিটে লো সেলসোর ফ্রি কিক গোলবারের ওপর দিয়ে চলে যায়। ৭৩ মিনিটে ডে গিয়ার দূরপাল্লার শট রুখে দিতে ব্যর্থ হন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। সেই সুযোগে দলের হয়ে পঞ্চম গোলটি করেন ইয়াগো আসপাস। এর ঠিক এক মিনিট পরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইস্কো। এবারও তার গোলে সহায়তা করেন ইয়াগো আসপাস। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল না হলে ১-৬ গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনাকে।




