গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। ১০ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি সদরে রড-সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ৭ জন নিহত হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পলাশবাড়ি উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডের সরকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাস-নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হন।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ স্টেশনের ওসি আবুল বাশার ওই তথ্য নিশ্চিত করেছেন। তবে পলাশবাড়ি থানার ওসি ওই দুই সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ট্রাক উল্টে ৫ জন ও বাস-নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ট্রাকের নিচে মানুষ চাপা পড়ে আছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।’
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জুনদহ এলাকায় রড সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। এখনও সেখানে উদ্ধার কাজ চলছে। ট্রাক উল্টে নিহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে।
অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে পলাশবাড়িতেই বাস-নসিমনের সংঘর্ষে নিহত হন ৩ নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের খশরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪)। এ ঘটনায় আহত হয়েছেন ১০-১২ জন।





