শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলা পরিষদের সদস্য ও শ্রীবরদী উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু জাফরকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও আক্রোশমূলক সংবাদ পরিবেশন করে চাঁদা দাবির অভিযোগ তুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ এর ৫৭ (২) ধারায় মামলা হয়েছে। ১২ জুলাই বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার ওই মামলার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ৪ জুলাই দৈনিক জামালপুর দিনকাল নামে একটি স্থানীয় পত্রিকায় আবু জাফরকে জড়িয়ে ‘বেপরোয়া হয়ে ওঠেছে জেলা পরিষদের সদস্য’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ওই পত্রিকার স্থানীয় প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল জেলা পরিষদের সদস্য আবু জাফরের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাকে উল্লেখিত পরিমানের চাঁদা না দিলে সে আবারও সংবাদ প্রকাশ করবে বলে হুমকি দিলে তিনি ওই মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য আবু জাফর বলেন, রুবেল সংবাদ প্রকাশের আগে থেকেই চাদা দাবি করে আসছে। এছাড়াও নানাভাবে হয়রানী করায় অতিষ্ট হয়ে তিনি ওই মামলা করেন বলে জানান।








