স্টাফ রিপোর্টার ॥ স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শেরপুরে জেলা জজসহ ২ বিচারকের আদালত বর্জনের চতুর্থ কর্ম দিবসে রবিবার বিচার অঙ্গণে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আইনজীবীরা ওই ২ আদালত বর্জন করে অন্য সব আদালতে হাজির থাকলেও কেবল অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাড়া কোন বিচারকই কোর্ট করেননি। তারা স্ব-স্ব কোর্টে উঠলেও দু’এক মিনিট বসেই কোর্ট মূলতবি করে নেমে পড়েছেন। এতে বিচার অঙ্গণে অচলাবস্থা সৃষ্টিসহ বিচারপ্রার্থী মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। অন্যদিকে উদ্ভূত অবস্থার আলোকে আইনজীবী সমিতির নেতারা প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সাথে সাক্ষাত করতে ঢাকায় অবস্থান করলেও অবস্থার উত্তরণে জেলা জজের তরফ থেকে এখনও নেওয়া হয়নি কোন উদ্যোগ।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থী মানুষসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, আইনজীবীরা মঙ্গলবার থেকে জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদারসহ ২ আদালত বর্জন করলেও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ ১০টি আদালতে প্রাত্যহিক কার্যক্রমের হাজিরা দিয়ে আসছিলেন। কিন্তু প্রথম থেকেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান আদালতের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসলেও ধীরে ধীরে দেওয়ানী ও ফৌজদারী মিলে অন্য ৮ আদালতের কার্যক্রম মূলতবি হয়ে আসছে। আইনজীবীদের ২ আদালত বর্জনের কারণে প্রথম দিকে ওইসব আদালতে কিছু কার্যক্রম পরিচালিত হলেও রবিবার তার কোনটিতেই কার্যক্রম চলেনি। ওইসব আদালতের বিচারকগণ এজলাসে উঠলেও দু’এক মিনিট বসেই আদালত মূলতবি করে নেমে গেছেন। ফলে হাজতি ও স্বেচ্ছায় আত্মসমর্পণকারী আসামীদের জামিন শুনানীসহ কোন বাদী বা আসামীর হাজিরা পর্যন্ত নেওয়া হয়নি এবং ডাক পড়েনি তাদের।
সীমান্তবর্তী ঝিনাইগাতী সদরের ব্যবসায়ী জাকির হোসেন জানান, তাদের বিরুদ্ধে করা একটি কাউন্টার মামলায় তিনিসহ ৫ জন আসামী জামিনের জন্য হাজির হলেও আদালতে শুনানী হয়নি। একই অবস্থা শ্রীবরদীর আবুল হোসেন, নাজমা বেগম, নকলার ইয়াকুব আলী, আব্দুল করিম ও আমেনা খাতুনসহ আরও অনেকের। ফলে দূর্ভোগ সয়ে ফিরে যাচ্ছেন তারা। একইভাবে ফিরে যাচ্ছেন হাজতি আসামীদের তদবিরে আসা অনেক আত্মীয়-স্বজন। জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে জানান, জেলা জজসহ ২ আদালত বর্জন চললেও অধিকাংশ আদালতে শুনানী হওয়া তো দূরের কথা, হাজিরা পর্যন্ত নেওয়া হচ্ছে না। বরং কোর্ট স্টাফদের আচরণও রুক্ষ হয়ে উঠেছে। এরকম পরিস্থিতি কোন সময়ই হয়নি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এম কে মুরাদুজ্জামান অভিযোগ করে বলেন, জেলা জজ আইনজীবীদের ন্যায়সঙ্গত আন্দোলন নস্যাৎ করতে প্রথম দিকে আদালতের কর্মকর্তা-কর্মচারীদের উসকে দিয়ে সফল না হওয়ায় এখন অন্যান্য বিচারকদের উসকে দিয়ে আদালত মূলতবির নামে বর্জনের জবাব দেওয়ার চেষ্টা করছেন। তার একগুয়েমির কাণেই আজ শেরপুরে বিচারঅঙ্গণে অচলাবস্থার সৃষ্টি হচ্ছ।
উল্লেখ্য, জেলা জজ কিরণ শংকর হালদারের স্বেচ্ছাচারিতা ও অযোগ্যতা এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুুমিনুন্নেছা খানমের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি মঙ্গলবার সকালে এক জরুরি সভায় মিলিত হয়ে ওইদিন দুপুর থেকে জেলা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালত এক মাসের জন্য বর্জন ঘোষণা করে।








