স্টাফ রিপোর্টার : শেরপুর বারে যোগদান করেছেন আওয়ামী লীগ দলীয় সাংসদ (সংরক্ষিত ৩২১ আসন) নবীন আইনজীবী ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ১৯ জুন রবিবার দুপুরে তার সিনিয়র ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপিকে সাথে নিয়ে সমিতির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ওইসময় সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবীন আইনজীবী শ্যামলীকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। ওইসময় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শ্যামলী জানান, বিলম্বে হলেও প্রয়াত বাবা সেলিম রেজার মনের ইচ্ছেটির প্রতিফলন ঘটাতে পারায় আজ আমি আনন্দিত। তিনি জানান, ভবিষ্যতে ব্যারিস্টার হওয়ার আগ্রহ রয়েছে। এজন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে ‘বার এট ল’ কোর্স করছি। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এর আগে তিনি সকালে প্রয়াত পিতা সেলিম রেজার কবর জিয়ারত করেন এবং পরে জেলা দায়রা জজ আদালত ভবনে থাকা তার সিনিয়র এডভোকেট চন্দন কুমার পাল পিপির চেম্বারে গিয়ে কদমবুচি করে দোয়া নেন।
জানা যায়, শেরপুরের বিশিষ্ট প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার একমাত্র কন্যা ফাতেমাতুজ্জহুরা শ্যামলী গত ১৪ মে প্রকাশিত ফলাফল অনুযায়ী আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভূক্ত হন। তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯৫ সনে এসএসসি (বিজ্ঞান) ও ১৯৯৭ সনে এইচএসসিতে (মানবিক) প্রথম বিভাগে পাস করেন। এরপর তিনি ঢাকার ইডেন কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্সসহ ২০০৬ সালে দ্বিতীয় বিভাগে মাস্টার্স পাস করেন। কলেজ জীবন থেকেই তিনি পিতার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। শেরপুর সদরের ভীমগঞ্জ এলাকায় আতিউর রহমান মডেল কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি প্রতিষ্ঠাতা প্রভাষক হিসেবে যোগদান করেন এবং কয়েক বছর সফলতার সাথে ওই দায়িত্ব পালন করেন।
শেরপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগ গঠিত হলে তিনি ওই কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব নিয়ে বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলনে অংশ নেন। ২০১৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৃতীয় দফায় দশম জাতীয় সংসদে তিনি শেরপুর অঞ্চল থেকে প্রথমবারের মতো (সংরক্ষিত ৩২১ আসন) এর এমপি নির্বাচিত হন। এরপর তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জেলা ট্রাংক-ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি, তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ আরিফ রেজা তার অনুজ।




