ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন পরাজিত মেম্বার প্রার্থী রহুল আমিন। এ ব্যাপারে রহুল আমিন বাদী হয়ে জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার ৪নং গৌরীপুর ইউনিয়নে গত ৭মে ৪র্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে হলদিবাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা কারচুপির মাধ্যমে তার প্রতিদ্বন্দী প্রার্থী মোরগ প্রতীক আজগর আলীকে ৪০৩ ভোটে বিজয়ী ঘোষনা করেন। রহুল আমিনের টিউবওয়েল প্রতীকে প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ৪০২টি। রুহুল আমিনের অভিযোগ, ওই ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটে প্রথমে তাকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে রহস্যজনক কারণে এক ভোট বেশি দেখিয়ে আজগর আলীকে বিজয়ী ঘোষনা করেন। রহুল আমিন জানান, ওই কেন্দ্রে প্রাপ্ত ভোট পুনঃরায় গণনা করা হলে তিনি অনেক ভোটে বিজয়ী হবেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




