স্টাফ রিপোর্টার ॥ এবার শেরপুরের কিছু শিশু শ্রমিকদের নিয়ে বিশ্ব মে দিবস পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ। ১ মে রবিবার শহরের ১০জন শিশু শ্রমিককে সাথে নিয়ে আর্তনাদ পরিবার শহীদ দারোগ আলী পৌর পার্কে চলমান বাণিজ্য মেলায় যায়। ওইসময় তাদের নাগরদোলা, রেল গাড়ি, সার্কাসসহ হালকা খাবারের ব্যবস্থা করে। এতে শিশুরা দারুণ আনন্দিত হয়।
সংগঠনের আহবায়ক সোবাহান উদ্দিন জিহান ও সদস্য সচিব মাশুকুর রহমান ফাহিম জানান, যাদের এই বয়সে লেখাপড়া করার কথা, তারা অভাব আর দারিদ্র্যতার কারণে আজ কাজ করে জীবনযাপন করছে। জেলা শহরের হোটেল রেস্তোরা থেকে শুরু করে নানা দোকান-পাটেই দেখা যায় শিশু শ্রমিকের উপস্থিতি, তাদের অমানবিক জীবনযাত্রা। তাদের কষ্টে আমরা ব্যথিত। কিন্তু আমাদের সামর্থ্য নেই যে তাদের দারিদ্র্য দূর করব। আমরা আমাদের সীমাবদ্ধতার মাঝে মে দিবসে তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। ওইসময় সংগঠনের সমন্বয়ক বর্ষণ কারুয়া, যুগ্ম আহবায়ক মিঠুন ও নাজমুলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গেঞ্জীর মোড়ক উন্মোচন :কিছু মেধাবী তরুণের হাত ধরে শেরপুরের মানুষের মনে জায়গা করে নিয়েছে আর্তনাদ। ইতোমধ্যে মন জয় করে নিয়েছে হাজারও অসহায়, দরিদ্র মানুষের। যার কর্মে মুগ্ধ হয়েছে শেরপুরের সুধী সমাজের অনেক মানুষ। আর্তনাদ সুসংগঠিত হবার জন্য তৈরি করেছে তাদের সদস্যদের জন্য নির্দিষ্ট পোশাক। ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের কাকলী মার্কেটে ওই গেঞ্জীর মোড়ক উন্মোচন করা হয়। ওইসময় সংগঠনের আহবায়ক সোবাহান উদ্দিন জিহান, সদস্য সচিব মাশুকুর রহমান ফাহিম, সমন্বয়ক বর্ষণ কারুয়া, যুগ্ম আহবায়ক মিঠুন ও নাজমুলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




