তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় চৌদ্দগ্রামে ৫ বখাটে কর্তৃক এক কিশোরীকে অপহরণের পর পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে পুলিশ ঘটনার মূল হোতা দুই বখাটে সহ তিনজনকে গ্রেফতার করেছে।
চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের আঠার বছর বয়সী এক কিশোরী মঙ্গলবার রাতে স্থানীয় মুন্সিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমথ্যে খিরনশাল গ্রামের পাটোয়ারী বাড়ি পর্যন্ত পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা খিরণশাল গ্রামের সোলেমানের ছেলে রিপন, বেলাল মেম্বারের ছেলে আকতার হোসেন, আবদুল কাদেরের ছেলে মনু মিয়া, ফেয়ার আহমদের ছেলে ফরিদ ও শুক্কুল মিয়ার ছেলে তারেক জোরপূর্বক ওই কিশোরীকে অটোরিকশা যোগে অপহরণ করে। পরে বখাটেরা কিশোরীকে পাশ্ববর্তী প্রবাসী আলমগীরের পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
বখাটেরা কিশোরীকে ধর্ষণ শেষে গভীর রাতে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় কিশোরী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
বুধবার সকাল থেকে ধর্ষকরা থানায় মামলা না করতে কিশোরীর পরিবারকে অব্যাহত হুমকি-ধমকি দেয়। এমন খবরে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুলাহ আল মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বখাটে মনু মিয়া, তারেক ও অটোরিকশা চালক এরশাদকে গ্রেফতার করে। এঘটনায় কিশোরী বাদি হয়ে পাঁচ বখাটের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে থানায় একটি মামলা করে।
এব্যাপারে চৌদ্দগ্রাম ওসি (তদন্ত) আবদুলাহ আল মাহফুজ বলেন, ‘গণধর্ষণের শিকার কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিশোরী বাদি হয়ে পাঁচ যুবকের
বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছে। মূলহোতা দুই যুবক ও অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে’।
উলেখ্য, ‘গত বছর উপজেলার মিয়াবাজার এলাকার শিবের বাজারে বখাটে কর্তৃক দুই বোনকে গণধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জেলেও জেতে হয়’।
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দিন মজুর নিহত

দাউদকান্দি উপজেলায় বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাড়িয়ালা গ্রামের মনির সকালে কাজে বের হন। সকাল সাতটার দিকে তিনি দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। দাউদকান্দি হাইওয়ে থানার এসআই রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




