স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতি ও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস.এম সাব্বির আহমেদ খোকন (আনারস প্রতীক)। ২৫ এপ্রিল সোমবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করা হয়। এতে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের স্বেচ্ছাচারিতা এবং ভোট কারচুপির মাধ্যমে রিটার্নিং অফিসার ফলাফল পরিবর্তন করেছেন বলে দাবি করা হয়। সেই সাথে ওই ফলাফল প্রত্যাখান করে ভোট পুনঃগণনার দাবি জানানো হয়। ওইসময় খোকনের সাথে তার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হোসাইন মারুফসহ এলাকার শাজাহান আলী মেম্বার, শাহাদত হোসেন, শরাফত আলী সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৩ এপ্রিল শনিবার তৃতীয় দফায় অনুষ্ঠিত চরমোচারিয়া ইউপির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ খোরশেদুজ্জামানকে ১০৬ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী তার তার প্রাপ্ত ভোট ছিল ৩৫৭১। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির আহমেদ খোকনের ভোট ছিল ৩৪৬৫।




