স্টাফ রিপোর্টার : স্বামীর অনৈতিক কাজের প্রতিবাদ করায় নিহত গৃহবধূ শিখা খাতুনের (২৫) হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘শেরপুরবাসীর’ আয়োজনে আজ ২৯ ফেব্রুয়ারী সোমবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে বিক্ষুব্ধ জনতা শিখার হত্যাকারী স্বামী ও অন্য আসামিদের ফাঁসি দাবি করেন। এ ছাড়া পলাতক আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহবান জানান।
জানা গেছে, নিহত শিখা খাতুন শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার মেয়ে ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের মৃত ওহাব মন্ডলের ছেলে মো. আমিনুল ইসলামের স্ত্রী ছিলেন। স্বামীর অনৈতিক কাজের প্রতিবাদ করায় গত ১৪ ফেব্রুয়ারী রাতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাঁকে (শিখা) শ্বাসরোধের মাধ্যমে হত্যা করেছে।
এ ঘটনায় নিহত শিখা খাতুনের ছোট ভাই মো. জুবাইদুল ইসলাম বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারী শ্রীবরদী থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন শিখার স্বামী আমিনুল ইসলাম, তাঁর দুই ভাই আসাদুল ইসলাম ও আসলাম এবং আসলামের স্ত্রী শিলা বেগম।
পুলিশ শিখার স্বামী আমিনুলকে গ্রেপ্তার করেছে। তিনি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ.ন.ম. ইলিয়াসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।




