ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা গ্রামের চাঞ্চল্যকর নজরুল মল্লিক হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একইসাথে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত ২য় দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবীর এ রায় ঘোষনা করেন। মামলায় অভিযুক্ত না হওয়ায় আলম মল্লিক নামে অপর একজনকে খালাস দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের একই পরিবারের বাবুল মল্লিক (২৫), আজিজ মল্লিক (৫৫), লালু মল্লিক (২৮), হীরা মল্লিক (২৯), জিয়ারুল মল্লিক (২১), মুছা মল্লিক (২৮), আব্দুল হাই মল্লিক (৪০) এবং হুরমত মল্লিকের ছেলে মুসা মল্লিক (২২)। এরা প্রত্যেকেই চাচাতো ভাই ও আত্মীয়। সাজাপ্রাপ্তরা সকলেই জেল হাজতে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১ অক্টোবর নজরুল মল্লিকের ভাই শফিকুল মল্লিক দুপুরে বাড়ী ফেরার পথে স্থানীয় আজিজ মল্লিক ও তার ছেলে হীরা মল্লিক সাত হাজার টাকা ধার-কর্জ চায়। এতে শফিকুল মলিক টাকা দিতে অপারগতা জানালে বাকবিতন্ডার একপর্যায়ে তাকে সুপারি গাছের ফালা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরদিন ঈদুল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে নজরুল মল্লিক ও শফিকুল মল্লিক বাড়ী থেকে বের হয়ে মসজিদে যাবার পথে আসামীরা দ্য, বলছিরা, সুপারির ফালা ও লাঠিসোটা নিয়ে পথরোধ করে হামলা করলে নজরুল মল্লিক মারা যায়। আহত হয় আরো ৫/৬ জন। এঘটনায় ৩ অক্টোবর নজরুলের পুত্র দেলোয়ার হোসেন মল্লিক বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।




