শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরে গ্রেফতার তিন জেএমবি সদস্যের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, মো. আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, মো. ইলিয়াস ওরফে ওমর ফারুক ও মহসীন আলী। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মমিন খান। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের এসআই শহীদুল ইসলাম।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুরে এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করে পুলিশ। জঙ্গিদের ওই আস্তানা থেকে সাতজনকে আটক করা হয় যার মধ্যে তিন জন নিষিদ্ধ জেএমবির ‘গুরুত্বপূর্ণ সদস্য’ বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। অভিযান শেষে তিনি জানান, উদ্ধার করা বিস্ফোরক দিয়ে ২০০ গ্রেনেড তৈরি করা সম্ভব ছিল।
মিরপুরের শাহআলী এলাকার ৯ নম্বর রোডের ৩ নম্বর বাসায় অভিযানটি চালানো হয়, এতে পুলিশ ছাড়াও র্যা ব, ডিবি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী টিম, সোয়াট টিম ও গোয়েন্দারা অংশ নেন।




