স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকো পার্কে নববধূর শ্লীলতাহানি ও ইন্টারনেটে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলার আসামি নজরুল ইসলাম বুলবুলকে আদালত জেলা কারাগারে পাঠিয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে ট্রাইব্যুনালের বিচারক মো. সাইদুর রহমান খান তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় ৬ মাস আগে বাবার জানাজায় অংশ নিতে বুলবুল শর্ত সাপেক্ষে আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিন নিয়ে পালিয়েছিলেন। বুলবুল ওই নববধূর স্বামী।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই মামলায় নির্যাতিত গৃহবধূর ভাই সোহেল রানা, বন বিভাগের মধুটিলা ইকো পার্কের তৎকালীন রেঞ্জ কর্মকর্তা জিল্লুর রহমানসহ ঘটনাস্থলের আশপাশের আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে দাঁড়িয়ে কাঠগড়ায় থাকা আসামিদের শনাক্ত করেছেন সাক্ষীরা। ওই সময় সাক্ষীরা মধুটিলা ইকো পার্কে ওই দিন তাঁদের দেখা ও জানা ঘটনার বিবরণ দেন। এর আগে গত ২৫ জুন মামলার বাদী নির্যাতিত নববধূ, তাঁর বড় বোন ও আরেক ভাইয়ের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ নিয়ে মামলার ১৯ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ২৬ আগস্ট পরবর্তী স্যাগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।








