রংপুর সংবাদদাতা : রংপুরে স্কুল ছাত্র সানি আহমেদ হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও পুলিশ সুপারের কাছে ম্মারকলিপি দিয়েছে এলাকাবাসি। স্মারকলিপিতে আসামীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে।
২৯ এপ্রিল বুধবার রংপুর প্রেসক্লাব চত্ত্বরে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সুমন আহমেদ, পেয়ারা বেগম, ফাতেমাতুজ্জোহরা, আইয়ুব আলী, সামাউন ইকবাল ও অলোক সরকার।
বক্তারা বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলার পরেও পুলিশ এখনও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। বরং মামলার পর আসামিরা নানাভাবে হুমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে ডিসি ও এসপি অফিস ঘেরাও এবং সমাবেশ কর্মসূচি দেয়া হবে বলে ঘোষনা দেন তারা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
গত ২৪ এপ্রিল নগরীর শালবন এলাকার ব্যবসায়ী ওমর আলীর ছেলে সানি আহমেদকে রংপুর পলিটেকনিক মাঠে ক্রিকেট খেলার পর ফাহিম রহমান ও তার সঙ্গীরা ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেলে সানি। দ্রুত তাকে মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল সে মারা যায়। সানি কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ব্যাপারে ওইদিনই সানির বোন ফাতেমাতুজোহরা বাদি হয়ে ফাহিম রহমানসহ ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
ভর্তি পরীক্ষা উপলক্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চারদিনের ছুটি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ থেকে ৭ মে পর্যন্ত চারদিন কাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে বুধবার এ চারদিন ছুটি ঘোষণা করা হয়। আগামী ১০ মে থেকে যথারীতি কাস ও পরীক্ষা চলবে।









