খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হয়েছে পশুর হাট। ফলে এ বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গত কয়েক বছর ধরে এ বিদ্যালয় মাঠে পশুর হাট নিয়মিত বসানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী বাত্সরিক চুক্তিতে বিদ্যালয় মাঠটি পশুর হাটের জন্য স্থানীয় বাজারের ইজারাদারকে লিজ দেন। ইজারাদার লিজ নিয়ে বিদ্যালয় মাঠে সপ্তাহে দু’দিন পশুর হাট বসানো হয়। এতে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে খেলাধুলা ও পদচারণা করতে পারছে না। গবাদি পশু স্কুল মাঠে মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করছে। এছাড়া গরু ব্যবসায়ীরা বিদ্যালয়ের বারান্দায় বসে অবাধে ধুমপানসহ নানা কারনে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন থেকে এ বিদ্যালয় মাঠে অবাধে গরুর হাট হাট বসানো হলেও দেখার যেন কেউ নেই। প্রধান শিক্ষক আজগর আলীর সাথে কথা হলে তিনি শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয় উন্নয়নের স্বার্থে বিদ্যালয় মাঠটি ইজারাদারের কাছে লিজ দেওয়া হয়েছে। শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজের সাথে কথা হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান।




