শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের সমুদ্রসীমায় কোনো জলস্যুতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। এমন বিধান রেখে ‘বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন, ২০১৯’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২৫ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেয়া হয়। এ ছাড়া বৈঠকে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রস্তাবে মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনী অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ওইসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জলদস্যুতা, সশস্ত্র চুরি, সমুদ্রে সন্ত্রাস এবং চুরি করতে গিয়ে কেউ খুন হলে সাজা মৃত্যুদণ্ড হবে। আর সাধারণ কোনো ব্যক্তি জলদস্যুতা বা সমুদ্রে সন্ত্রাস করলে তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং দস্যুতা করে নেয়া সম্পদ ফরফিট (বাজেয়াপ্ত) করে দেয়া হবে। কোনো ব্যক্তি জলদস্যুতা বা সমুদ্রে সন্ত্রাস বা সংঘটনের চেষ্টা বা সহায়তা করলে অনূর্ধ্ব ১৪ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর কেউ সহযোগিতা করলেও একই দণ্ডে দণ্ডিত হবেন। ভিন্ন দেশের লোকও যদি আমাদের জলসীমায় এসে ওইসব অপরাধ করে তিনিও একই শাস্তি পাবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে সর্বপ্রথম বাংলাদেশ মেরিটাইম অঞ্চলের সীমানা নির্ধারণ এবং সমুদ্রসম্পদ অনুসন্ধান ও আহরণের জন্য ‘দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট-১৯৭৪’ প্রণয়ন করেন। পরবর্তীকালে ১৯৮২ সালে ‘ইউনাইটেড নেশন্স কনভেনশন অন দ্য ল’ অব দ্য সী শীর্ষক’ কনভেনশন গৃহীত হলে একই বছরের ১০ ডিসেম্বর কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ। ফলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা সংক্রান্ত ‘ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল’ অব দ্য সী’-এর বলে ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ হয়।

খন্দকার আনোয়ারুল বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সুনীল অর্থনীতির ওপর গুরুত্ব প্রদান করছেন। সুনীল অর্থনীতি ও সমুদ্রসম্পদের টেকসই অনুসন্ধান ও আহরণ হতে সর্বোচ্চ উপযোগিতাপ্রাপ্তির পূর্ব শর্ত হল- আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক মেরিটাইম অঞ্চল নির্ধারণ।
আইন প্রণীত হলে তা ব্যাপকভিত্তিক মেরিটাইম অঞ্চল নির্ধারণসহ অভ্যন্তরীণ রাষ্ট্রীয় ও জলসীমা ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল, এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে সমুদ্রসম্পদের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা হবে।
এ ছাড়া জলসদ্যুতা, সমুদ্র সন্ত্রাস, সমুদ্র দূষণসহ সমুদ্রে সংঘটিত অপরাধসমূহ এবং নৌচলাচল নিরাপত্তা বিঘ্নকারী বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি সামগ্রিক বৈজ্ঞানিক গবেষণা, সুষ্ঠু সমুদ্র ব্যবস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মেরিটাইম সুফল পাওয়ার ক্ষেত্রে এই আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসাপেক্ষে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।









