ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে বোমা ও গুলি ছুঁড়ে পুলিশ হত্যা করে জেএমবি’র মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ত্রিশাল থানায় দায়েরকৃত মামলায় জেএমবি’র ৮ সদস্যকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেএমবি’র ৮ সদস্যকে আদালত হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ৪ নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা জানায়, ত্রিশাল মডেল থানায় দায়েরকৃত মামলায় বিকেলে জেএমবি’র ৮ সদস্যকে আদালতে হাজির করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি।
হাজিরকৃত জেএমবি’র সদস্যরা হলো- ভালুকা উপজেলার পাঁচগাও গ্রামের কামাল হোসেন সবুজ (৩৪), সোহেল রানা (২৮), মোর্শেদ আলম (২২), আবু বক্কর সিদ্দিক ওরঢে (২৬), পানিকান্দা গ্রামের ইউসুফ আলী সোহাগ (২০), মরচি গ্রামের ইলিয়াস উদ্দিন (৩৪), পানিভাগ গ্রামের বাশির উদ্দিন (২০), নওগা জেলার ভুতুলিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩৬)।




