লোহাগড়া (নড়াইল) প্র্রতিনিধি : উপজেলার কামঠানা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইদ্রিস মোল্লার বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। এই ডাকাতির মালামাল স্থানীয় চাচই প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাগাভাগির সময় চাচই গ্রামের লোকজন দুই ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলো খুলনার তেরখাদা উপজেলার ছাগ্্লাদা ইউনিয়নের কুশলা গ্রামের হালিম মোল্লার ছেলে নিশাত (২৮) এবং শরীয়াতপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তরকেবলনগর গ্রামের হুকুম আলীর ছেলে জাকির হোসেন (২৮)।
ইদ্রিস মোল্লা জানান, ডাকাতরা জানালার গ্রিল ভেঙ্গে রাত একটার দিকে ঘরে ঢোকে। তারপর ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে বেঁধে তারা চার ভরি স্বর্ণালংকার, নগদ ১৭ হাজার টাকা, দুইটি মোবাইল এবং কিছু কাপড় লুট করে রাত দুইটার দিকে চলে যায়।
লোহাগড়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. সায়েম জানান, এ ঘটনায় পরিবার অভিযোগ দিলে মামলা হবে।
লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপনির্বাচন : আব্দুল হান্নান বিজয়ী

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের (সরুশুনা গ্রাম এলাকা) সদস্য পদে উপনির্বাচনে শেখ আব্দুল হান্নান ৫০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমিরুল ইসলাম পেয়েছেন ৩৮৭ ভোট। গতকাল মঙ্গলবার (১৮নভেম্বর) এ নির্বাচন হয়। লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এ টিম এম শামীম মাহমুদ বলেন, ৯ নম্বর ওয়ার্ডের (সরুশুনা গ্রাম এলাকা) ইউপি সদস্য শেখ নান্নু মিয়ার মৃত্যু (৪ সেপ্টেম্বর) হলে পদটি শূন্য হয়।




