কুমিল্লা প্রতিনিধি : ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর দুপুর ১২টার দিকে ল্যাঃ নাঃ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে গোলাবাড়ী’র তালতলা নামক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১ বোতল হুইস্কিসহ এক মাদক সেবনকারীকে আটক করেছে বিজিবি-১০। আটককৃত মাদক সেবনকারী শ্রী রিমন দাস (২৬) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কুলিয়ারচর গ্রামের ইনাবন্ধু দাস এর ছেলে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অন্য আরেকটি অভিযানে নায়েক মোঃ জামাল হোসেন এর নেতৃত্বে বি-পাড়া থানার দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ আরেক মাদক ব্যবসায়ী মোঃ আকতার হোসেন (২৮) কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ি আকতার হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। তাঁকেও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এদিকে, ১৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে এডি গাজী আবুল হাশেম চৌধুরী এর নেতৃত্বে কুমিল্লা নগরীর ঝাউতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৩৮ হাজার ৯শ’ ৮৪টি ভারতীয় টার্গেট ট্যাবলেট আটক করে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৩১ বোতল, বিয়ার ১২ বোতল, আতশবাঁজি ১শ’ ৫০ প্যাকেট এবং ১৪শ’ ৬০ কেজি বাংলাদেশী আলু পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে বিজিবি-১০।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অধিনায়ক পরিচালক মোঃ জাকির হোসেন এ প্রতিনিধিকে জানান- কুমিল্লার বিভিন্ন এলাকায় বিজিবি একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ এক মাদক সেবনকারী ও এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি-১০ এর সদস্যরা। আটককৃত দু’জনকেই ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬+৬ = ১২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৭ হাজার ৪শ’ ১৫ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।









