যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। বেনাপোলের বালুণ্ডা গ্রামের ধানক্ষেত থেকে ৯ নভেম্বর রবিবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। সে পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মোতালেব শেখের পুত্র রেজাউল শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালণ্ডা মাঠে রবিবার সকালে কৃষকরা কাজ করতে গিয়ে গভীর নলকূপের পাশে ধানক্ষেতে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তার মুখে নির্যাতনের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যার পর বস্তাবন্দি করে মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার সকালে শার্শার সুবর্ণখালী ব্রিজের নিচ থেকে শনিবার ভোরে পুটখালীর শাজাহানের লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
শার্শায় ছাত্রলীগ সভাপতিকে লাঞ্ছিতের ঘটনায় এসি ল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এসি ল্যান্ড কর্তৃক শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার লাঞ্চিত হওয়ার প্রতিবাদে রবিবার বিকেলে নাভারন সাতক্ষি মোড়ে ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ সমাবেশে বক্তারা এসিল্যান্ড(সহকারী কমিশনার ভূমি)কে বদলীসহ শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহারাব হেসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, প্রচার সম্পাদক ওয়াহেদুজ্জামান মুরাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক ওবাইদুর রহমান খাঁন, যুবলীগ নেতা শামিম, সহ-সভাপতি আকিব জাভেদ শুভ, দীন এসলাম লিটন, যুগ্ম-সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন, ইমরান খাঁন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন পলাশ প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার তার বক্তব্যে বলেন, সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন ফোনে আমাকে বলেন জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালিন সময়ে কোন প্রকার অবরোধ বা আন্দোলন করা যাবে না। তাই আপাতত সকল প্রকার অবরোধ বা আন্দোলন বন্ধ রাখছি। তবে পরীক্ষা চলাকালিন সময়ের মধ্যে যদি এসি ল্যান্ডকে বদলি না করা হয় তবে আবারো আন্দোলনের ডাক দেয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালিন সময়ে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের গেটে ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারকে এসি ল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) আরিফুজ্জামান দেখা মাত্র কোন কথাবার্তা না বলে মারধর শুরু করে বলে অভিযোগ রয়েছে।
শার্শায় জাল টাকাসহ আটক ২
যশোরের শার্শা থেকে ১৫ হাজার জাল টাকাসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদেরকে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে শনিবার রাতে আটক করা হয়। আটককৃরা হল, উপজেলার চটকাপোতা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আব্দুস সালাম ও কাগজপুকুর গ্রামের মৃত আব্দার আলীর ছেলে আনারুল ইসলাম আনার।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুরাদ চটকাপোতা গ্রাম থেকে রাত ৮টার দিকে আবদুস সালামের কাছ থেকে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করে। এ সময় পুলিশ আব্দুস সালামের সঙ্গে থাকা আনারুলকেও আটক করে।
ডিবি পুলিশের এসআই মুরাদ বলেন, আটক সালাম ও আনারুল বেনাপোলের চিহ্নিত ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এ ঘটনায় ডিবি বাদী হয়ে মামলা করেছে। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে তিনি জানান।




