কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অল্পের জন্য রক্ষা পেল শতাধীক শিক্ষার্থী। ১৯ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস জানান, শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের মূল ভবনের সামনে প্রায় ৭০/৮০ বছরের পুরনো রোডসাম্বল (পাহাড়ী) গাছের বিশাল আকারের একটি ঢাল আকস্মিকভাবে বিকট শব্দে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে মূল ভবনের উপর পড়ে যায়। আর ঘটনাটি ঘটার ৫ মিনিট আগে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গন ত্যাগ করে। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানেই অবস্থান করছিল শতাধিক শিক্ষার্থী ও একাধিক শিক্ষক। তাই ভাগ্যক্রমে তারা রক্ষা পায়। আতঙ্কিত হয়ে ছুটাছুটি করে বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল জড়ো হয় শিক্ষার্থীদের অভিভাবকগণ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি. হা-মীম গ্রুপের কনসালটেন্ট মাহজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.কামাল উদ্দিন দেওয়ান, সদস্য বেলায়েত হোসেন ও আশরাফ উজ্জামান। এ সময় অবস্থানরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বহু দিনের পুরাতন এই গাছগুলো বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কেটে ফেলার জন্য অনুরোধ জানান।









