রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রৌমারী ডিগ্রি কলেজের ছাত্র শিক্ষকদের মধ্যে এখন দুটি গ্র“পে রূপ নিয়েছে। গত বুধবার থেকে থেমে থেমে সংঘর্ষে ৩ ছাত্র আহত হবার খবর পাওয়া গেছে। তারা প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বাড়িতে চলে গেছে। এ ব্যাপারে রৌমারী থানার এআই গাবুর আলী বাদি হয়ে একটি সাধারণ ডায়রি করেছে। কলেজটিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় ঘটে যেতে পারে অনাকাঙ্খিত অঘটন।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কলেজের ইংরেজি শিক্ষক এমআর ফেরদৌস ক্লাস নেয়ার সময় পাশের রুম থেকে জনৈক ছাত্র ওই শিক্ষকের নাম ধরে চিৎকার করে। এতে রাগান্বিত শিক্ষক ফেরদৌস সেখানে গিয়ে ওই ছাত্রকে শাসান ও তাৎক্ষনিক অধ্যক্ষ সামিউল ইসলাম জীবনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। তিনি আরও বলেন, ওরা ক্লাসেও তাস খেলে, ডাইল, গাঁজা খায়। অধ্যক্ষ ওই ছাত্রকে ডেকে ভর্ৎসনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ব্যবহার না করার পরামর্শ দেন। এরপর শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্লাসে ডাইল খাওয়া, তাস খেলার প্রমাণ চেয়ে ক্লাস বর্জন করে। ছাত্রদের ক্লাস বর্জনে কয়েকজন শিক্ষকও ঘি ঢালেন। ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত কোন ক্লাস হবে না মর্মে ওই শিক্ষকরাও ঘোষণা দেন। শনিবার নুর আলম নামের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক ক্লাস নেয়ার জন্য কক্ষে গেলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের বিষয়টি তাকে জানিয়ে দেয়। কিন্তু কিছু শিক্ষার্থী ক্লাস করবেন বলে মতামত প্রকাশ করেন। ফলে ক্লাস করা আর বর্জন করাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রতন, আলিম, জামিল নামের ৩জন শিক্ষার্থী আহত হন। তাদের রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ সামিউল ইসলাম জীবনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তেমন কিছু নয়, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল তবে সেটা ঠিক হয়ে গেছে।









