মেহের আমজাদ,মেহেরপুর : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মনজুরুর রহমান’র মেহেরপুর আগামন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক সন্ধ্যার অয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন আশরাফ মাহমুদ, ফৌজিয়া আফরোজ তুলি, মৌসুমী ঢালী, এখলাছুর রহমান টাবলুসহ স্থানীয় শিল্পিরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন এনডিসি আমীনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর পাবলিক লাইব্রেরির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আল মামুন অনল, যুগ্ম সম্পাদক আজমল হোসেন মিন্টু, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ।

উল্লেখ্য, মেহেরপুর জেলার গাংনী উপজেলা শিল্পকলা একাডেমিক ভবন নির্মানের লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে যুগ্ম সচিব মোঃ মনজুরুর রহমান মেহেরপুর আসেন।
কার্যনির্বাহী কমিটির সভাকে কথিত ও অবৈধ আখ্যা দিয়ে
মেহেরপুর আওয়ামী লীগের অপর অংশের সংবাদ সম্মেলন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাকে কথিত ও অবৈধ আখ্যা দিয়ে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের অপর একটি অংশ।
গতকাল শনিবার বিকেলের দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আসকার আলী, সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির খান, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, জেলা আওয়ামী লীগের তথাকথিত সভাপতি ও সাধারন সম্পাদক কার্যনির্বাহী কমিটির যে সভা করেছেন তার সাংগাঠনিক কোনো বৈধতা নেই। তারা বলেন, জেলা কমিটির ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকলেও এদিনের কার্যনির্বাহী কমিটির সভাতে অংশ নেন মাত্র ৯ জন সদস্য। সাংগাঠনিক বৈধতার ব্যাখা নিয়ে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস আরো বলেন, কার্যনির্বাহী কমিটির সভাতে কমপক্ষে এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকতে হয়। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচনে অংশ নিয়েছে সেই সকল বিপথগামী সদস্যদের প্রশ্রয় না দেয়ায় তথাকথিত সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের বহিস্কারাদেশ বিষয়ে বাবলু বিশ্বাস বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাড়া কেউ বহিস্কার করার ক্ষমতা রাখেন না। তবে যেহেতু অ্যাড. ইয়ারুল ইসলাম দলীয় সিদ্ধান্তের বাইরে যেয়ে নির্বাচন করেছেন। সেই হিসেবে দলীয় মনোনয়ন পত্রের নিয়ামাবলী অনুযায়ী তিনি আপনা আপনি বহিস্কার হয়ে যান। সেমতে অবৈধ কার্যকরী কমিটির সভা থেকে অ্যাড. ইয়ারুল ইসলামের বহিস্কারাদেশ প্রত্যাহার গঠনতন্ত্র মোতাবেক হয়না। তিনি আরো বলেন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্ষমতায় থাকাকালীন যে দূর্নীতি করেছেন তার প্রতিরোধ করায় বর্তমান সংসদ সদস্য’র স্বজনদের বিরুদ্ধে তারা অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সংবাদ সম্মেলন শেষে নেতারা বলেন, আমরা দ্রুত জেলা আওয়ামী লীগের কাউন্সিল চাই। কেন্দ্রীয় নির্দেশনাও পেয়েছি। সেই ধারায় ওয়ার্ড কাউন্সিল শুরু করা হয়েছে এবং তৃণমূলের ভোটে তারা জেলা আওয়ামীলীগের পদ হারাতে পারেন এই ভয়ে নানা ষড়যন্ত্র করে চলেছেন।
মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা জারজিস গ্রেফতার
মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে এ উপজেলার দারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানিয়েছেন, হরতাল-অবরোধের সময় ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর পুলিশের উপর হামলা করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয় কয়েকজন পুলিশ সদস্য। ওই ঘটনার মামলার প্রধান আসামি জারজিস হোসেন। তার নামে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
আমঝুপিতে মা সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার মান উন্নয়ন ও শতভাগ শিশুর বিদ্যালয়ে গমন নিশ্চিত করার লক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটর সভাপতি সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবুল ফজল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হোসেন, শিক্ষক চঞ্চল হোসেন ,শিক্ষিকা চায়না খাতুন , সেলিনা খাতুন প্রমুখ।
গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক
মেহেরপুরের গাংনীতে আছেল উদ্দীন (৩৮) নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ।
আটক আছেল এর বাড়ি গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে।
গতকাল শনিবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এএসআই সুফল সঙ্গীয় ফোর্স নিয়ে আছেলকে তার নিজ বাড়ি থেকে আটক করেন।
এএসআই সুফল জানান, একটি প্রতারণা মামলায় মেহেরপুর আদালত তাকে এক বছরের জেল প্রদান করে। ওই মামলায় সে পলাতক ছিলো। গত এক বছর পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আটকের পর গতকালই আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









