হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলে হত্যার খুনিরা জামিনে বাড়ি এসে মামলা তুলে নিতে ফের মাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই মামলার বাদী মা আতংকে তার বড় ছেলেকে নিয়ে বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছেন। এ ঘটনায় তিনি আবারো হোসেনপুর থানায় জিডি করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

জানা যায়, ২০১৩ সালের ৯ ডিসেম্বর রাতে পূর্বশত্রুতার জেরে উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আলপিনা আক্তার ও তার ছোট ছেলে আকিব মিয়াকে (৬) একই বাড়ির জসিম উদ্দিন গংরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই আকিব মারা যায়। এ ঘটনার পরদিন ১০ ডিসেম্বর নিহত আকিবের মা আলপিনা আক্তার বাদী হয়ে উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের জসিম উদ্দিন (২৪),সজিব মিয়া (২৬), আব্দুল হালিম (৩০), আব্দুল করিম (২৮) ও বকুলা বেগমকে (৫০) আসামী করে মামলা করেন।ওই মামলায় আসামীদের সবাই দীর্ঘদিন জেল-হাজতে আটক থাকার পর সম্প্রতি আব্দুল করিম ও বকুলা বেগম জামিনে ছাড়া পেয়ে বাড়িতে এসে মামলার বাদী আলপিনা বেগমকে মামলা তুলে নিতে অনবরত হত্যার হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ও আতংকে বাড়ি ছেড়ে আলপিনা তার বড় ছেলেকে নিয়ে ্উপজেলার গোবিন্দপুর গ্রামের সমাজসেবক তাজুল ইসলামের বাড়িতে আশ্রয় নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। এ ঘটনায় অসহায় আলপিনা বেগম গত ১৪ আগষ্ট হোসেনপুর থানায় জিডি (নং-৪৯২) করে জরুরি প্রতিকার দাবি করলে বিষয়টি নিয়ে এলাকার সর্বমহলে দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে জামিনে ছাড়া পাওয়া আব্দুল করিম ও বকুলা বেগমকে পাওয়া না গেলেও এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে গোবিন্দপুর গ্রামের আবুল বাশার ও তাজুল মিয়াসহ অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করে দুষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যপারে ওসি (তদন্ত) মোঃ আনিছুর রহমান জানান, হত্যা মামলার বাদী আলপিনা আক্তারের পুনরায় জিডির প্রেক্ষিতে পুলিশ সরেজমিনে তদন্ত করে এ বিষয়ে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহনের আশ্বাস দিয়েছেন তিনি।









