নজরুল ইসলাম, সাতক্ষীরা : অগণতান্ত্রিক সম্প্রচার নীতিমালা প্রণয়নের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। জেলা বিএনপির সভাপতি রহমাতউল্লাহ পলাশের সভাপতিত্বে মানববন্ধনে সম্প্রচার নীতিমালার কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোদাচ্ছেরুল হক হুদা, জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাজু প্রমুখ। বক্তারা বলেন, সরকার বিরোধীদলের পাশাপাশি মিডিয়ার কণ্ঠরোধ করতে এই সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। বৃহত্তর আন্দোলন গড়ে এই অপচেষ্টা প্রতিহত করা হবে। এ সময় বক্তারা এই আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
তালার তারক দাস হত্যা মামলার আসামী তোজাম্মেল শেখের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

তালা উপজেলার দোহার গ্রামের বৃদ্ধ তারক দাশ হত্যা মামলার এজাহার ও চার্জশীট ভুক্ত আসামী তোজাম্মেল শেখের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
দোহার গ্রামের শ্যামল দাস জানান,২০০৭ সালের ২০ডিসেম্বর দিবাগত রাতে তার বাবা তারক দাসকে (৮০) বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। ্এ ঘটনায় তিনি বাদী হয়ে পরদিন একই গ্রামের মোকসেদ শেখের ৫ছেলে মোজাম্মেল,তোজাম্মেল,মাসুম,খসরুল ও মাহামুদুল শেখের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা (জিআর-১৯৮/০৭ তালা) দায়ের করেন। এ মামলায় খুলনা সিআইডির উপপরিদর্শক এনামুল হোসেন ২০০৯ সালের ৩১ মে এজাহার ভুক্ত পাঁচ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এ মামলায় গ্রেফতার হওয়ার পর হাইকোর্ট থেকে ( ক্রিঃমিসকেস নং -১৪৫৭৭/২০১১)তোজাম্মেল হোসেন প্রথমে ছয় মাসের জন্য জামিনে মুক্তি পান।পরে তার আবেদনের প্রেক্ষিতে জামিনের মেয়াদ ২০১১ সালের ২৩শে আগষ্ট আরো এক বছরের জন্য বাড়ানো হয়। ঐ মেয়াদের পরবর্তী দু’ বছর কেটে গেলেও তিনি সংশ্লিষ্ট আদালতে হাজির না হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি বাদী ও স্বাক্ষীদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন। বর্তমানে এ মামলাটি সাতক্ষীরা জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন রয়েছে। তিনি মোজাম্মেল শেখকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ প্রথম আদালত সূত্রে তোজাম্মেল শেখের দ্বিতীয় বারের জামিন আর না বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।









