স্টাফ রিপোর্টার : এবার এক রিট মামলায় ফের স্থগিত হয়ে গেছে ৩১ আগষ্ট অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। ১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে উচ্চ আদালত তা ১১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন। এদিকে ফের নির্বাচন স্থগিতের খবরে প্রার্থী ও ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ৪র্থ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে উচ্চ আদালতে দায়ের করা মামলায় স্থগিত হয়ে যায় ওই নির্বাচন। আইনী লড়াই শেষে পুনঃতফসিল মোতাবেক ৩১ আগষ্ট নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নেয় রিটার্নিং অফিসারের নেতৃত্বে স্থানীয় নির্বাচন অফিস। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছিলেন। জমে উঠছিল প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। কিন্তু সদ্য হালনাগাদ প্রক্রিয়ায় অর্ন্তভুক্ত নাগরিকদের নাম ভোটার তালিকায় না থাকায় উচ্চ আদালতে একটি পৃথক রিট মামলা দায়ের হয়। নির্বাচনের মাত্র ১১ দিন বাকী থাকতে মঙ্গলবার ওই রিট মামলায় শুনানী শেষে উচ্চ আদালত তা ফের স্থগিতের আদেশ দেন।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমানের সাথে পৃথক পৃথক কথা হলে তারা জানান, উচ্চ আদালতে নির্বাচন পুনঃস্থগিতের কথা শুনেছি। কিন্তু অফিসিয়ালি এখনও কিছু পাইনি।









