শ্যামলবাংলা বিনোদন : এবার নায়িকা হিসেবেই চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু করতে যাচ্ছেন আইটেম গার্ল খ্যাত আলোচিত মডেল নায়লা নাঈম। এরই মধ্যে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘মারুফ টাকা ধরে না’। সিনেমাটির পরিচালক খাজা আহমেদ। এ মাসের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে বলেই জানিয়েছেন নায়লা।
এ বিষয়ে নায়লা নাঈম জানান, আইটেম গার্ল হিসেবে কাজ শুরু করলেও চলচ্চিত্রে নায়িকা চরিত্রে কাজ করাটাই ছিল আমার প্রধান লক্ষ্য। সাংবাদিকদের সাথে সাক্ষাতকারেও তেমনটাই বলেছিলাম। তবে এটা ঠিক যে ‘‘রান আউট’’ সিনেমায় আইটেম গার্ল হিসেবে কাজ করার পর অনেক পরিচালক আমাকে আরও বেশ কয়েকটি আইটেম গানে পারফর্ম করাতে চেয়েছেন। কিন্তু আমি সেদিকে পা বাড়াইনি। সত্যি কথা বলতে আমি বাণিজ্যিক বিষয়টা নিয়ে কোনো দিনই চিন্তাভাবনা করিনি। তাহলে হয়তো আমার কাজের সংখ্যা অনেক বেড়ে যেত।
৫ বছর ধরেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত আছেন দন্তচিকিত্সক নায়লা নাঈম। ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন। পাশাপাশি ভারচুয়াল জগতে খোলামেলা বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করে সমালোচিতও হয়েছেন। নায়লা নাঈম দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘কত ভালোবাসি’ ও ‘ভোট ফর ঠোঁট’ শিরোনামের গানের ভিডিওতে বেশ খোলামেলাভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ২০১২ সালে স্নাতক শেষ করেন নায়লা। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ঢাকার একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল।




