ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় সুদখোর মহাজনদের বেড়াজালে আটকা পড়েছেন গ্রামের হতদরিদ্র সাধারণ মানুষ। ঋণের কিস্তি শোধ করতে না পেরে তাদের অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শতাধিক সুদখোর মহাজনের বাড়ি বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায়। এলাকার সাধারণ ও নিম্ন আয়ের মানুষের আর্থিক অস্বচ্ছলতার সুযোগ নিয়ে সুদি কারবার করেন অর্থলোভী এসব মহাজন। তারা মানুষের দৈন্যদশার সুযোগে চেক বন্ধকসহ সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে টাকা দাদন দেন। তাদের কাছ থেকে টাকা দাদন নিয়ে মাসে শতকরা ১০ থেকে ২০ টাকা হারে প্রতি মাসের লাভের টাকা পরিশোধ করতে হয়। প্রতি মাসের লভ্যাংশের টাকা পরিশোধ করলে কোনো আপত্তি থাকে না। বছরে দুইবার ছয় মাস অন্তর, অর্থাৎ জুন ও ডিসেম্বর ক্লোজিংয়ে মহাজনের হাতে সুদ-আসলে টাকা জমা দিতে হয়। কোনো সময় কিস্তি দিতে ব্যর্থ হলে টাকা পরের কিস্তিতে আসলে পরিণত হয়। পরের কিস্তিতে তার ওপর সুদ হয়।
হিসাব করে দেখা গেছে, সুদখোরদের খাটানো সুদের হার বার্ষিক শতকরা লভ্যাংশ দাঁড়ায় ১৮০ টাকা। যারা এসব সুদখোরের কাছ থেকে দাদন নেন তারা কোনোভাবেই মুখ খুলতে রাজি নন। কারণ হিসেবে জানা গেছে, এর আগে এ নিয়ে এলাকায় ঝামেলা সৃষ্টি হয়েছে। বিষয়গুলো থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। শেষ পর্যন্ত সুদখোর মহাজনদের পেশিশক্তির কাছে পরাস্ত হন ঋণগ্রহীতারা। দুই-একজন মুখ খুললেও নাম প্রকাশ না করার অনুরোধও করেন।
জানা গেছে, তেপুকুরিয়া গ্রামের স্কুলশিক্ষক এইচ এম সাঈদ দাদনের টাকা শোধ করতে না পেরে সুদখোরকে তার ব্যাংকের চেক বইয়ের পাতা স্বাক্ষর করে দিতে বাধ্য হন। তার জায়গাজমি বিক্রি করেও সুদের টাকা পরিশোধ হয়নি। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। একই এলাকার ঝুন্টু সুদের টাকা পরিশোধ করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। এ ছাড়া আমোদপুর গ্রামের শফিকুল নেন তিন লাখ টাকা। সেই টাকা বেড়ে সুধ-আসলে হয় প্রায় আট লাখ টাকা। অবশেষে তিনি টাকা দিতে না পেরে ছেলে-মেয়ে রেখে অন্যত্র পাড়ি জমিয়েছেন।
এদিকে চণ্ডিপুর এলাকার পলান সুদের টাকা পরিশোধ করতে না পেরে ঘরবাড়ি ফেলে পালিয়েছেন পরিবার-পরিজন নিয়ে। আর একজন দেশের বাইরে পালিয়ে গেছেন বলে জানা যায়। যারা টাকা দাদন নেন তারা ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিবদ্ধ থাকেন।
এ ব্যাপারে বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল গক্ষুর মিঞা বলেন, যেভাবে এ উপজেলায় সুদি মহাজনদের কারবার শুরু হয়েছে, তাতে মানুষের সচেতনতা বৃদ্ধি না হলে আগামী চার-পাঁচ বছরের মধ্যে এলাকার বেশির ভাগ লোক এর সাথে জড়িয়ে পড়বে এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ ব্যাপারে সুদি মহাজনেরা বলেন, মানুষের প্রয়োজনের সময় টাকা দাদন দিয়ে আমরা উপকার করি।
স্থানীয় ব্যাংক ও বিভিন্ন এনজিওর ক্ষুদ্রঋণ প্রকল্প থাকলেও সুদি মহাজনদের কাছ থেকে দাদন নেয়ার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, ব্যাংকের টাকা নিতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। বারবার ধরনা দিতে হয়। আর এনজিওর ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই সেখানে না গিয়ে সুদি মহাজনদের কাছ থেকে দাদন নেওয়া হয়।









