শ্যামলবাংলা বিনোদন : ২০১১ সালে ঈদের জন্য পরিচালক রেদওয়ান রনি তৈরি করেছিলেন ধারাবাহিক নাটক ‘বিহাইন্ড দ্য সিন’। ওই নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও ফারুক আহমেদ। এবার তাঁদের নিয়েই এবারের ঈদের জন্য তিনি তৈরি করলেন নাটক ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’। এরই মধ্যে কুয়াকাটা ও ঢাকার বিভিন্ন লোকেশনে এ নাটকের শুটিং হয়েছে।
এ প্রসঙ্গে নাটকের পরিচালক রেদওয়ান রনি বলেন, এবার কুয়াকাটায় শুটিং করতে গিয়ে ৩ নম্বর বিপদসংকেত পেয়েছি। তারপরও শিল্পীদের সহযোগিতায় সবকিছু উপেক্ষা করে শুটিং করেছি। নাটকে দেখা যাবে, দুই বন্ধু এবার অভিযানে বের হয়েছে কুয়াকাটা । ঘটনাচক্রে জড়িয়ে পড়ে ’ভিলেজ পলিটিক্স’ এর সাথে । ঘটতে থাকে মজার সব ঘটনা । আর এবারের কাহিনীতে অভিযানের সঙ্গী হয়েছেন সুমাইয়া শিমু ও উর্মিলা শ্রাবন্তীকর। নাটকটিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মম মোর্শেদ, মাজনুন মিজান, মিঠু, কচি খন্দকার, সাব্বির, নাদিয়া নদী প্রমুখ। ঈদে ৭ পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রচার হবে এনটিভিতে।




