শ্যামলবাংলা বিনোদন : ওপার বাংলার জনপ্রিয় নায়ক হিরণের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম ও মৌসুমী হামিদ। অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিতে একসাথে দেখা যাবে তাদের। আগামী ২৮ জুন থেকে ঢাকায় এর চিত্রায়ণ শুরু হবে।
এ বিষয়ে অনন্য মামুন বলেন, মৌসুমী হামিদের সঙ্গে পাকা কথা হয়েছে। হিরণ ও মিমের সাথে শুধু কাগজে-কলমে চুক্তিবদ্ধ হওয়া বাকি। বিদ্যা সিনহা মিম ও মৌসুমী হামিদ দু’জনই ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পেয়েছেন।
সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় বিদ্যা সিনহা মিমের ‘তারকাঁটা’ ছবিটি মুক্তি পেয়েছে। রেদওয়ান রনির ‘মরীচিকা’ ছবিতে তার কাজ করার কথা রয়েছে। এর আগে তিনি হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’, জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে অভিনয় করেছেন।
অন্যদিকে অনিমেষ আইচের পরিচালনায় ‘না মানুষ’ এবং প্রশান্ত অধিকারী পরিচালিত ‘হাডসনের বন্দুক’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। দু’টি ছবিই মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।




