শ্যামলবাংলা বিনোদন : শুরুটা তার হয়েছিল বড়পর্দা দিয়েই। ২০০৭ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমেই অভিনয়জগতে পা রাখা বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা ‘তাঁরকাটা’ মুক্তি পেয়েছে চলতি মাসের ৬ তারিখে। ক্যারিয়ারের তৃতীয় সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী জানালেন, বড়পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়েই কাজ করে চলেছেন তিনি।
শুরু থেকেই আমার লক্ষ্য ছিল সিনেমার নায়িকা হওয়া। টেলিভিশন নাটকে অনেক কাজ করলেও এখন সম্পূর্ণভাবেই বড়পর্দার জন্য কাজ করছি আমি। এ কারণে মূলধারার সিনেমাতে এখন নিয়মিত কাজ করছি।
‘তারকাঁটা’ সিনেমায় আরেফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মিম। সিনেমায় তার চরিত্র সাধারণ পরিবারের এক মেয়ের, যে কিনা গায়িকা হবার স্বপ্ন দেখে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স সিনেমা হলে ৩ জুন হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার। এ ব্যাপারে তার অনুভুতি জানাতে গিয়ে মিম বলেন, প্রিমিয়ারে নিজের সিনেমা দেখার মজাই আলাদা। পর্দায় যখন নিজেকে দেখেছি, এক অন্যরকম অনুভূতি হয়েছে আমার ভেতরে। অনুষ্ঠানে সবার কাছ থেকে সাড়াও পেয়েছি প্রচুর। মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই সিনেমা নিয়ে খুব আশাবাদী তিনি। আরেফিন শুভর সঙ্গে তার জুটি দর্শকপ্রিয়তা পাবে বলেই মনে করছেন তিনি।
এদিকে অভিনেতা শাকিব খানের বিপরীতে তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ‘ড্রিম গার্ল’ নামের ওই সিনেমায় মিমের চরিত্র বিদেশফেরত এক তরুণীর। সিনেমার নামের মতোই গ্ল্যামারাস ভুমিকায় দেখা যাবে তাকে, এমনটাই জানান ২০০৭ সালের এই লাক্স-চ্যানেল আই সুপারস্টার। নাটকে খুব বেশি কাজ না করলেও বিজ্ঞাপনে নিয়মিতই দেখা যাচ্ছে মিমকে। চলতি বছরের শুরুতেই শীর্ষস্থানীয় এক মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তার কাজ আলোচিত হয়েছে সব মহলে। এ প্রসঙ্গে মিম বলেন, সিনেমা, নাটক আর বিজ্ঞাপন– তিনটা তিন ধরনের মাধ্যম।তবে বিজ্ঞাপনে কাজের আলাদা মজা আছে।




