বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার কাজী যোবাইয়েরের বিরুদ্ধে কাবিননামা প্রদানে নিয়মবর্হিভূত অর্থ আদায়, হয়রানিসহ নানা ধরনের এন্তার অভিযোগ পাওয়া গেছে। এতে অতিষ্ট এলাকাবাসী। প্রতিনিয়ত নীরবে তা সহ্য করে চলেছে। এ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে কাজীর বিরুদ্ধে। প্রতারণার শিকার শাকপুরার নার্গিছ আক্তার এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, কাজী যোবাইয়েরের বিরুদ্ধে নারী নির্যাতন, রেজিষ্ট্রী নামের প্রতারণা করা, কাবিননামা না দেয়া, অতিরিক্ত টাকা আদায়, জালিয়াতি করে আসছে দীর্ঘদিন থেকে। তার এ প্রতারণার শিকার হয়েছেন উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিদিরপুরের নার্গিস আক্তারসহ আরো অনেকে। কাবিননামার অভাবে ঝুলে আছে নার্গিস আক্তারের স্বামী কর্তৃক নির্যাতন মামলা। নার্গিস আক্তার এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করেছেন। এছাড়াও পশ্চিম গোমদন্ডীর চরখিজিরপুর গ্রামের ফেরদৌস বেগমের মেয়ে রাশেদা আক্তারের বিয়ে সম্পন্ন হয় আড়াই বৎসর আগে। কিন্তু আজ অবধি কাবিন নামা দেয়নি কাজী জোবাইয়ের। গত এক সপ্তাহ আগে স্থানীয় জাহানারা বেগমের মেয়ে নার্গিস সুলতানা পারভিন কাবিননামা উঠানোর জন্য কাজী অফিসে গেলে কাজীর সহকারি আবু সিদ্দিক প্রকাশ মাজু ৩ শত টাকা আদায় করে। টাকা নিয়েও কাবিননামা না দিয়ে পরে যোগাযোগ করতে বলেন। এক সপ্তাহ পর কাবিননামা আনার জন্য জাহানারা আবারো অফিসে গেলে কাবিননামা না দিয়ে আরো অতিরিক্ত টাকা দাবি করেন। বিষয়টি জানতে জাহানারার ভাই শাহীনুর কিবরীয়া মাসুদ কাজী যোবায়েরের সাথে ফোনে কথা হয়। কাজী যোবাইয়ের তার অফিসে যাওয়ার জন্য বললে পরদিন সকালে কাজী অফিসে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর কখন আসবেন জানতে চাইলে কাজীর সহকারি আবু সিদ্দিক প্রকাশ মাজু ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ করে অফিসে অবররুদ্ধ করে রাখে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কাজীর এ অন্যায় অবিচারের বিরুদ্ধে একাধিক দপ্তরে অভিযোগ রয়েছে বলে জানা যায়। উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডীর মরহুম সৈয়দ ছাবেরের পুত্র যোবাইয়েরর জন্মস্থান হলেও অনৈতিক ভাবে তিনি ২নং পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের নিকাহ রেজিছ্রার হিসেবে নিযোগ প্রাপ্ত হন বলে জানা গেছে। তবে এ নিয়োগ নিয়মবর্হিভূত বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী নার্গিস আক্তার জানান, ২০১৩ সালের সেপ্টেম্বরেরে ২ তারিখে বিশ লক্ষ টাকার দেন মোহরে আমার বিয়ের কাবিন ৫৪নং বালামের ২৮নং পৃষ্টায় লিপিবদ্ধ করে রেজিষ্ট্রী ফি হিসেবে ৬হাজার ৬শত টাকা সরকারি রশিদ মূলে গ্রহণ করেন কাজী যোবাইয়ের। এরপর আমার স্বামী মো. মাহবুবুল আলমের সাথে সংসার জীবন শুরু হয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমার স্বামী মাহবুবুল আলম আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করলে আমি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করি। আদালতের পরামর্শে কাজী যোবাইয়েরের কাছে বিয়ের কাবিননামা নিতে গেলে তিনি অতিরিক্ত অর্থ দাবি করেন। তার প্রয়োজন মাফিক অর্থ দিলেও তিনি আমার কাবিননামা না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তী কাজী যোবাইয়ের আমার কাবিননামা রেজিস্ট্রী করিনি দাবি করে তা দিবেন না বলে জানিয়ে দেন। এ ব্যাপারে আদালতকে জানালে আদালত বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট প্রতিবেদন তলব করেন। এর প্রেক্ষিতে মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে কাজী যোবাইয়ের ও আমার স্বামী মাহবুবুল আলমের মোটা অংকের লেনদেন এবং প্রতারণার বিষয়টি উঠে আসে। বর্তমানে এ মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও কাজী যোবাইয়েরের বিরুদ্ধে চলতি বছরের ২৫ মে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে (৬৭৬/১৪)। এ ব্যাপারে কাজী যোবাইয়েরের মুঠো ফোনে(০১৮১৯৮৬৯৫৫৫) জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ সংস্থা বোয়ালখালীর সভাপতি কাজী মাওলানা মো. ওবাইদুল হক হক্কানী এ ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, সরকার জনগণের সেবা দ্রুত নিশ্চিত ও নারীদের অধিকার বাস্তবায়নের জন্য প্রতি ইউনিয়নে কাজী নিয়োগ দিয়েছেন। যদি জনগণের সেবা না দিয়ে হয়রানি ও নির্ধারিত ফি’র বাইরে অর্থ দাবি করে তাহলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া দরকার।









