স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এবার বন্যহাতির মৃত্যু হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার ভোরে উপজেলার বালিজুরি ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন ত্রিশকুড়া নামক স্থানে ওই বন্যহাতির মৃত্যু হয়। মৃত হাতিটি দেখতে সকাল থেকেই ওই এলাকায় শতশত মানুষের ভিড় জমে। ধারণা করা হচ্ছে ডায়রিয়াজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।

জানা যায়, বুধবার একশত থেকে দেড়শত বন্যহাতির দল থেকে হাতিটি হঠাৎ অসুস্থ্য হয়ে দলচ্যুত হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার ভোরে বালিজুরি ফরেস্টরেঞ্জ অফিস সংলগ্ন ত্রিশকুড়া নামক পাহাড়ি এলাকায় হাতিটির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। উৎসুক জনতা হাতিটির মৃতদেহ পড়ে থাকার স্থলে দেখতে পায়, চারপাশ পাতলা মলে আচ্ছন্ন হয়ে পড়ে আছে তার মৃতদেহ। খবর পেয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মঈন উদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা (প্রাণি) উম্মে হাবিবা ও শ্রীবরদী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করেন। বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা বলেন, আমরা হাতির দাঁত দেহ থেকে বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট দফতরে প্রেরণের জন্য সংরক্ষন করেছি। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ মৃত হাতির সুরতহাল পরীক্ষা করে বলেন, ডায়রিয়াজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।









