রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে পুনঃনবায়নযোগ্য জ্বালানির উৎস বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিভাগের আহমদ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত ‘অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস ইন এক্সপ¬য়টিং রিনিউয়েবল এনার্জি সোর্সেস’ শীর্ষক এই সেমিনারে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টন-এর প্রকৌশল প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমা বোস।
বিভাগের সভাপতি প্রফেসর সোমনাথ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে দিনব্যাপী এই সেমিনারে পুনঃনবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উৎস নিয়ে বক্তৃতার পাশাপাশি মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ড. অনিমা বোস। পরে তিনি উপস্থিত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান শেষে ড. অনিমা বোসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রসঙ্গত, ড. অনিমা বোস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স ও এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞানে এমএস ডিগ্রি ও কেন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে বস্তু রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব এ্যাক্রন থেকে পলিমার ইঞ্জিনিয়ারিং-এ পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টন-এর প্রকৌশল প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। এর আগে তিনি নর্দার্ণ ইলিনয় ইউনিভার্সিটি ও ওহাইও ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন।




