শ্যামলবাংলা ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর গভর্নর জানিয়েছেন, সেখান থেকে অপহৃত দুশোর বেশি স্কুলছাত্রীকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তারা তথ্য পেয়েছেন। অপহৃতদের এখনো কোনও সন্ধান না পাওয়ায় বিশ্বব্যপী তীব্র সমালোচনা হচ্ছে।
গভর্নর কাশিম সেট্টিমা বিবিসিকে এক সাক্ষাতকারে জানিয়েছেন, সত্যতা যাচাই এর জন্য প্রাপ্ত তথ্যের বিস্তারিত দেশটির সেনাবাহিনীকে পাঠানো হয়েছে। তিনি জানান, সেনা কর্তৃপক্ষ এখন সেসব তথ্য যাচাই করে নিখোঁজ ছাত্রীদের অবস্থানের জায়গাটি খুঁজে বের করবেন। শেট্টি মনে করেন, অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারাম এখনো দেশটির ভেতরেই অবস্থান করছে। অপহৃত স্কুলছাত্রীদেরকে এখনো প্রতিবেশী দেশ চাদ বা ক্যামেরুনে পাচার করা হয়নি বলেই তার ধারণা। গত মাসে নাইজেরিয়ায় দুশোর বেশি স্কুলছাত্রী অপহৃত হওয়ার প্রেক্ষাপটে, গতরাতে উদ্ধার অভিযানে যোগ দিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ নাইজেরিয়ার ইসলামপন্থী সংগঠন বোকো হারামের কর্মকাণ্ড ও ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন।
বিশ্বব্যাপী এ অপহরণের ঘটনা আলোড়ন সৃষ্টি করলেও, এখনো অপহৃতদের কোনো সন্ধান না পাওয়ায় নাইজেরিয় সরকার ও প্রেসিডেন্ট গুডলাক জনাথনের তীব্র সমালোচনা করা হচ্ছে। এদিকে, বোকো হারাম-এর নেতারা অপহৃত কিশোরীদের বিক্রি করে দেবে বলে সরকারকে হুমকি দিয়েছে।




