এম, এ করিম মিষ্টার, নীলফামারী : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, জামায়াত- শিবির বাংলাদেশের সকল সুযোগ- সুবিধা ভোগ করে অথচ স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেনা। তিনি শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারীর বিভিন্ন এলাকায় জামায়াত- শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ কহবিল থেকে প্রদত্ত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা প্রশাসক জাকীর হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সংস্কৃতি মন্ত্রী জামায়াত-শিবিরকে ইংগিত করে বলেন, তারা বাংলাদেশী পরিচয় বহন করে অথচ আজ পর্যন্ত জামায়াত- শিবিরের কোনো নেতা-কর্মী বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেনা। এমনকি যে লাখ বাঙালির বিনিময়ে পাওয়া আমাদের জাতীয় পতাকা তাদের কোন মিছিলে দেখা যায়না।

১৮৭ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ৫৮ লাখ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে সংস্কৃতি মন্ত্রী নিজ বাড়িতে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্র ও গরিব পরিবারের মাঝে ১০টি ঘর বিতরণ করেন।




