বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মত্স্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকল অনুষদের শ্রেণিকক্ষের সামনে রক্ত ঢেলে প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে আবারও প্রশাসন ভবনে এসে শেষ হয়। এসময় তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করলেও অনেক শিক্ষক ক্লাস নিয়েছেন। তাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করলেও কেন আপনারা ক্লাস নিচ্ছেন?
সাদ হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের ক্লাস নেওয়ার প্রতিবাদে সকল অনুষদের শ্রেণিকক্ষের সামনে নিজ শরীর থেকে রক্ত ঢেলে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা।
এদিকে গতকাল রাতে উপাচার্যের বাসভবনে জরুরী সভায় বসে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদল। সভায় কোন প্রকার সিদ্ধান্ত না হওয়ায় আবার ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৩১ এপ্রিল সোমবার অনুষদীয় ছাত্র সমিতির সহ-সভাপতি নির্বাচন ও ক্লাস পরীক্ষার বিষয়কে কেন্দ্র করে সহপাঠীর হাতে মার খাওয়ার পর ময়মনসিংহের একটি বেসরকারী ক্লিনিকে (ট্রমা মেডিক্যাল সেন্টার ও হাসপাতাল) মারা যায় সাদ ইবনে মমতাজ সাদ। এঘটনার সাথে জড়িত ৬ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
কিন্তু সিন্ডিকেটের ঐ সিদ্ধান্তকে আংশিক বলে প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।




